সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
হৃদয় ইসলাম :
রাজধানীর মুগদা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ পিস ইয়াবা এবং ১০ হাজার টাকা সমমূল্যের জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (২৮ জুন) র্যাব-১০ এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল দুপুর ১টা ৫ মিনিটে মুগদা থানার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে ইতি আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা, এবং মাদক বিক্রির ৩৬ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন দুপুর ১টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোড এলাকায় অভিযান চালিয়ে মো. বাবুল শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদক ও জাল নোটের বিস্তার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।