বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ
কলকাতা থেকে মনোয়ার ইমামের প্রতিবেদন:
দক্ষিণ ২৪ পরগনা: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সাইকেল বিতরণ করা হয়েছে।
মগরাহাট পশ্চিমের ৪ নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে মড়াপাই কড়ামোনুরাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক এবং মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ এলাকার অনেক শিক্ষার্থী প্রতিদিন দূর-দূরান্ত থেকে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। বর্ষাকালে ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ হয়ে গেলে তাদের যাতায়াতে আরও ভোগান্তি হয়। শিক্ষার্থীদের এই সমস্যা বিবেচনায় নিয়ে সাইকেলগুলো বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে মগরাহাট পশ্চিমের ৪ নম্বর মণ্ডল সভাপতি শ্রী দাশু পুরকায়স্থসহ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মড়াপাই কড়ামোনুরাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় মগরাহাট পশ্চিমের ৪ নম্বর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক শ্রী মলয় হাজরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত সহজ করার পাশাপাশি তাদের পড়াশোনায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।