সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক **১ লাখ ৩২ হাজার টাকা মূল্যমানের ৪.৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ১০০ টাকা নগদ জব্দ করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-১০, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—আলভি আরমান নয়ন (২৯), পিতা খোকন ভুইয়া এবং আরফান ভুইয়া অলক (২১), পিতা মো. আলমাছ ভুইয়া। তারা উভয়েই যাত্রাবাড়ীর উত্তর সায়েদাবাদ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক নির্মূলে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।