সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে র্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৭৫(০১)২০২৩-এর আসামি মো. রবিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী দায়ের করা মামলায় রবিনের বিরুদ্ধে ১ বছর ৬ মাসের কারাদণ্ডের সাজা রয়েছে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে।