সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবিস্ফোরিত ককটেলসহ নাঈম খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে জুরাইনের হাবিবুল্লাহ সুপার মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি অবিস্ফোরিত ককটেলসহ নাঈম খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈমের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার জিরাইন এলাকায়। তার বাবার নাম মো. সেকেন্দার আলী খান।
পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার করা ককটেলগুলো ধ্বংস করেন। এ ঘটনায় জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১০ জানিয়েছে, রাজধানীতে বিস্ফোরক, অস্ত্র, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।