সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (১৪ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ী এলাকার পান্না খানের ছেলে মোফাজ্জল হোসেন (২৩) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া এলাকার আব্দুস সোবহান খানের ছেলে মো. ইয়াছিন (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৩৬৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা। এছাড়া ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১৯ হাজার ৭০০ টাকা নগদ জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব-১০ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক সমাজ ও যুবসমাজের জন্য বড় হুমকি। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।