মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ
আমিন রিপোর্টার কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন নোয়াখালী বাঘঘোনা পাড়া এলাকায় রিদওয়ান নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
বাঘগোনা পাড়া এলাকাবাসীর দাবি, রিদওয়ানের পিতা আব্দুল মালেক ( বেলম্বু) অতীতে ওই এলাকার একজন কুখ্যাত ডাকাত ছিলেন। পিতার মৃত্যুর পর রিদওয়ান তার অপরাধী চক্রের নেতৃত্ব নিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্যমতে, নোয়াখালী বাঘঘোনা এলাকায় সংঘটিত অধিকাংশ অপহরণ ও চাঁদাবাজির ঘটনার নেপথ্যে রিদওয়ান জড়িত বলে তাদের ধারণা। স্থানীয়রা আরও অভিযোগ করেন, তিনি সশস্ত্র সহযোগীদের নিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে অপহরণ করেন এবং তার কাছে দেশি-বিদেশি অস্ত্র রয়েছে বলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, রিদওয়ানের শ্বশুরবাড়ি হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় হওয়ায় তিনি বিভিন্ন সময় সেখানে অবস্থান করে আত্মগোপন করেন এবং অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, অভিযোগের যথাযথ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নোয়াখালী বাঘঘোনা পাড়া এলাকায় অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
উল্লেখ্য, উল্লিখিত অভিযোগগুলো স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা-ও যথাযথভাবে প্রকাশ করা হবে।