রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ৫ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর থানার বেগমপুর এলাকার মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর এলাকার মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা এলাকার মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী থানার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের মধ্যে মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১০।