বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
হৃদয় ইসলাম :
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই ২০২৬) রাতে র্যাব-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বর্ষা (১৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা, ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার ৮০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৭ হাজার ৫০ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বর্ষা লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার ফারুক সরদারের মেয়ে বলে জানিয়েছে র্যাব।
একই রাতে রাত ১০টা ৫৫ মিনিটে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে মো. সাব্বির (১৯) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ দশমিক ৫ গ্রাম হেরোইন, ২১০ গ্রাম গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। সাব্বির একই এলাকার আলাউদ্দিন (আলাল)-এর ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।