শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৬-এর সহযোগিতায় সালথা থানাধীন আড়ুয়াকান্দি এলাকার বালিয়াগট্টি বাজারসংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩৮ বোতল স্কাফ সিরাপ ও ৩৪২ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর এলাকার আমিন উদ্দীন মাতবরের ছেলে মো. রানা মাতবর (৩৮) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামন্ত ষাটনলপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. হৃদয় প্রকাশ কামাল হোসেন (২৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত রানা মাতবরের বিরুদ্ধে মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানায় এবং হৃদয় প্রকাশ কামাল হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় একটি করে মাদক মামলা রয়েছে।
এসআরবির দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপ ভ্যানসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আওতায় মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।