রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন :
ফরিদপুরের বোয়ালমারী থানায় আলোচিত তৌহিদুল ইসলাম (২৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ওয়াহিদুর রহমান (৪২)–কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়,প্রতিষ্ঠালগ্ন থেকে তারা বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় হত্যা, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ভাটপাড়া এলাকার ভিকটিম তৌহিদুল ইসলাম (২৬) গত ১ জুন ২০২৬ তারিখ দুপুরে আনুমানিক ১২টায় পরিচিত ব্যক্তি সুমন খন্দকারের সাথে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করলে তারা পরস্পরবিরোধী তথ্য দেয়।
পরবর্তীতে ৩ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টায় বোয়ালমারী থানাধীন ভাটপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি (নং–১৪, তারিখ: ০৫/০৬/২০২৬) দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু হয়। এরপর তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বোয়ালমারীর ভাটপাড়া এলাকা থেকে মামলার আসামি ওয়াহিদুর রহমানকে গ্রেফতার করে।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।