মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
রাজধানীর ঢাকা-৪ সংসদীয় এলাকার ২৫টি অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
গত রোববার রাতে রাজধানীর জুরাইন-দোলাইরপাড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারগুলোর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের সুযোগ থাকবে না। দল-মত, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে রাষ্ট্রের সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণ বন্ধ করতে হবে। একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। বেকার, অসহায় ও দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তুলতে দলের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, দলটি প্রতিষ্ঠালগ্ন থেকেই চার দফা কর্মসূচির ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অন্যতম হলো সমাজ সংস্কার ও সমাজসেবা। দলের নেতৃত্বে জনপ্রতিনিধি নির্বাচিত হলে রাষ্ট্রীয় বরাদ্দের পাশাপাশি দলীয় অর্থায়নেও সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব।
ঢাকা-৪ সংসদীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গে সৈয়দ জয়নুল আবেদীন স্থানীয়দের উদ্দেশে বলেন, এ এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিতে সংসদ সদস্যের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর পদেও জামায়াতে ইসলামীর নেতৃত্ব নির্বাচিত করার বিষয়ে স্থানীয়দের এগিয়ে আসতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ঢাকা-৪ আসনকে একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন এলাকায় পরিণত করা সম্ভব হবে।
৭১ বাংলা বার্তা
সত্যের সন্ধানে, মানুষের পাশে