বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
র্যাব-১০ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বালিয়াকান্দি উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানে পশ্চিম বালিয়াকান্দি এলাকার মো. সুজন শেখ (৩৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী মো. সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনস্বার্থে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।