শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ব্যবসায়ীকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী মো. ফারুক হোসেন একজন পাথর ও বালুর ব্যবসায়ী। গত ২ মার্চ ২০২৬ পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে অভিযুক্তরা তাকে একটি প্রজেক্ট দেখানোর কথা বলে শনির আখড়ার একটি বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে অবৈধভাবে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং সঙ্গে থাকা নগদ ১ লাখ ৮৯ হাজার টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরবর্তীতে তাকে অন্যত্র নিয়ে ইট, পাইপ ও অন্যান্য বস্তু দিয়ে গুরুতর জখম করা হয়। পরে প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদে আরও ১ লাখ টাকা আদায় করা হয়। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দিয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
এ ঘটনায় গত ১৬ মার্চ ২০২৬ যাত্রাবাড়ী থানায় পেনাল কোডের ৩২৩/৩২৪/৩৬৫/৩৮৫/৩৮৬/৩৭৯/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০-এর সহায়তা চান।
এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পৃথক অভিযান চালায়। প্রথমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি শাপলা চত্বর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি জাবেদ হোসেন (৩১)-কে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্ন এলাকা থেকে অপর এজাহারভুক্ত আসামি আরমান সরকার রনি (৩০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।