শ্যামপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, আহত ২
স্টাফ রিপোর্টার :
রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইন এলাকায় কথিত মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তা ও তার ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. খোকন খান (৪৬) খাদ্য অধিদপ্তরের অধীনে নারায়ণগঞ্জ জেলার সিএসডিতে সহকারী উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত।
তিনি অভিযোগে উল্লেখ করেন, পশ্চিম জুরাইন বালুরমাঠ এলাকায় দীর্ঘদিন ধরে অভিযুক্তরা মাদক বিক্রি করে আসছেন বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তিনি ও এলাকার সচেতন ব্যক্তিরা একাধিকবার তাদের মাদক বিক্রি থেকে বিরত থাকার অনুরোধ করেন। তবে তাতে কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পশ্চিম জুরাইন বালুরমাঠ দারোগাবাড়ী এলাকায় আল্লার দান গোশতের দোকানের সামনে দুই অভিযুক্তকে ইয়াবা বিক্রি করতে দেখে খোকন খান প্রতিবাদ করেন এবং আটকানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা তার ওপর চড়াও হন।
লিখিত অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে অভিযুক্ত ইমরান দোকান থেকে একটি লোহার রড এনে খোকন খানের মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতে গুরুতর জখম হয়।
অপর অভিযুক্ত শিপনি আক্তার ইট দিয়ে মাথায় আঘাত করেন এবং পপি আক্তার কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া শিপনি ও পপি তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত জখম করেন বলেও অভিযোগ রয়েছে।
এ সময় খোকন খানের ছেলে আল শাহারিয়ার খান রুপম (২৩) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, তার বাম হাতের কবজিতে লোহার রড দিয়ে আঘাত করা হয়।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শিপনি আক্তার, পপি আক্তার, মো. ইমরানসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে শ্যামপুর থানার ওসির কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta