নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরেকটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের অংশগ্রহণে র্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে ডিএমপির চকবাজার থানাধীন পোস্তা এলাকায় একটি পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিবেশবিধি লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি প্লাস্টিক কারখানার মালিককে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়ে মৌখিকভাবে সতর্ক করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, ভেজাল, জালিয়াতি, নকল ওষুধ এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের মতো সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব আরও জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত ও বিপণনের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta