বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিনিধ :
মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ছয় কর্মদিবসের আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সমাজ।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশের পর প্রতিশোধমূলকভাবে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলার শিকার হয়েছেন এনটিভির মুন্সীগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার ও দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক-সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ।
মানববন্ধন থেকে আগামী ছয় কর্মদিবসের মধ্যে অভিযুক্ত স্টেনোটাইপিস্টকে বরখাস্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় মুন্সীগঞ্জের প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের সংবাদ পরিবেশন বন্ধ রাখার আলটিমেটামের কথাও জানান সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন এবং সঞ্চালনা করেন সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. ফয়সাল হাওলাদার, অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ ভুইয়া, গোলাম আশরাফ উজ্জ্বল, হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক রাণী আক্তার, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিতু রায়, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব, দৈনিক রূপালী বাংলাদেশের ফরহাদ, দৈনিক ঘোষণা পত্রিকার লিটন মাহমুদ, বাংলা নিউজের আমির হোসেন, দৈনিক আজকের বসুন্ধরার সালমান হৃদয়, দৈনিক বাংলার ভূমির সুমন হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠান, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।