মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি খননের সময় মরিচাধরা একটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের হতে পারে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন।
জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে খাল খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে জমির মালিকের কাছে জমা দেন।
পরে জমির মালিক বিষয়টি ভূরুঙ্গামারী থানা পুলিশকে অবহিত করলে, ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত বস্তুটির গায়ে ‘PGF’ লেখা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পুরোনো বিস্ফোরক, যা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকায় মরিচা ধরে গেছে এবং বিস্ফোরিত হয়নি।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তুটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সেনাবাহিনী ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta