বাসায় ডেকে এনে জিম্মি করে চাঁদা দাবি; চক্রের দুই সদস্য গ্রেফতার
আরিফুজ্জামান (সাগর)
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রর দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- ১। মোঃ নাজমুল হাসান(৩১) ও ২। মোঃ বিল্লাল প্রধান (৩৫)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৪:৫০ ঘটিকায় মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ মুন্সিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানায়, জনৈক আলমগীর হোসেন রাঙ্গামাটির একজন বাসিন্দা। তার সাথে ঢাকায় বসবাসকারী চক্রের এক সদস্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব হয়। চক্রটি আলমগীরকে ঢাকায় আসার জন্য কিছুদিন ধরে প্রলোভন দেখিয়ে আসছিল। মঙ্গলবার রাতে আলমগীর তাদের কথামত ঢাকার মিরপুর মডেল থানার মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় আসে। বাসায় প্রবেশের পর গ্রেফতারকৃতরাসহ চক্রের অন্যান্য সদস্যরা আলমগীরকে জিম্মি করে তারা তার পরিবারের নিকট মোবাইল ফোনে এক লক্ষ টাকা চাঁদা দাবীর চেষ্টা করে। কিন্তু অনেকবার চেষ্টা করেও বাদীর পরিবারের সাথে যোগাযোগ করতে তারা ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা বাদীকে এলোপাতাড়ি আঘাত করে তার নিকট থেকে নগদ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। উক্ত ঘটনায় আলমগীর বাদী হয়ে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সকালে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ এজাহারনামীয় ছয়জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে।
থানা সূত্রে আরো জানা যায়, মঙ্গলবার রাতে ৯৯৯ এর মাধ্যমে উল্লিখিত ঘটনা সংক্রান্তে একটি সংবাদ আসে। এর প্রেক্ষিতে থানার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান সনাক্ত করে এবং মিরপুরের মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে নাজমুল ও বিল্লালকে গ্রেফতার করে। চক্রটির অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদেরকে মিরপুর মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত এবং চক্রটির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta