
ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত আগামী ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মহাখালী আইএইচটি অডিটরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট উদযাপন পরিষদ আয়োজিত ‘কনভেনশন-২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে হবে।
তিনি হাসপাতাল, মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদ সৃষ্টি, শূন্য পদ পূরণ এবং গণমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া তিনি অবিলম্বে আইএইচটির হোস্টেল নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
বিশ্ব ফার্মাসিস্ট উদযাপন পরিষদের আহ্বায়ক নাছির আহমেদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সহ-সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এবং ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন এম-ট্যাবের সভাপতি এ.কে.এম মুসা লিটন এবং বিএমটিএ ও এম-ট্যাবের মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব।
এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা সালাহউদ্দিন আহমেদ, মো. জহিররুদ্দিন, আসাদ শিকদার, তাপসী বিশ্বাসসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ব ফার্মাসিস্ট উদযাপন পরিষদের সদস্য সচিব সিকদার মো. জসীম উদ্দিন।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta