হাসপাতালের ভেতরে ৭-৮ জনের হামলা, নিউজ করলে হত্যার হুমকি; থানায় লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), যা সাবেক পিজি হাসপাতাল নামে পরিচিত, তার অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনের অপেক্ষায় থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল এসের স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধরের পাশাপাশি ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা ৩৬ মিনিটের দিকে হাসপাতালের ব্লক ‘এ’ ও ‘বি’-এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাংবাদিক সোহেল রানা শুভ।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ঘটনার সময় তিনি হাসপাতালের বটতলায় বসে সহকর্মী ও আরেক সাংবাদিক এস এম রিয়েল রোমানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে এসে আশপাশে বসে থাকা লোকজনের পরিচয় জানতে চান এবং মোবাইল ফোনে ছবি ধারণ করতে থাকেন।
একপর্যায়ে ওই ব্যক্তিরা সোহেল রানা শুভর দিকে এগিয়ে গিয়ে জোরপূর্বক তার ছবি তোলার চেষ্টা করেন। এর কারণ জানতে চাইলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরিচয় জানতে চান। পরে তিনি নিজের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখান। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিরা তার পরিচয়পত্রের ছবিও মোবাইল ফোনে ধারণ করেন এবং তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলেন।
সাংবাদিক শুভর বলেন,তিনি তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলার অনুরোধ জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ৭ থেকে ৮ জন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকেন।
এ সময় তিনি হাসপাতালের গেটে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের কাছে গিয়ে সহযোগিতা চান। তার অভিযোগ, আতিয়ার নামের একজন আনসার সদস্য তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ওই আনসার সদস্যকেও সেখান থেকে চলে যেতে চাপ প্রয়োগ করেন। পরে আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করলে হামলাকারীরা আবারও তার ওপর চড়াও হন এবং মারধর করেন।
সাংবাদিক সোহেল রানা শুভ আরও অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্ত ব্যক্তিরা তাকে হুমকি দিয়ে বলেন, “বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে, নিউজ করলে তোকে জানে মেরে ফেলব।”
ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি দ্রুত নিকটস্থ থানায় যান এবং ডিউটি অফিসারের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করেন।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত স্থানে একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং সংবাদ প্রকাশে বাধা দিতে প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।
সাংবাদিকের ওপর হামলা ও সংবাদ প্রকাশে প্রাণনাশের হুমকির অভিযোগের ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta