বংশী নদীতে মুখোশধারী ১২-১৫ জনের ডাকাত দলের হামলা, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ
সাকিলা আক্তার কাসফিয়া স্টাফ রিপোর্টার :
ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ড্রেজারে সংঘটিত ডাকাতির ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামি মনির হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এসআরবি-১০ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ধামরাই থানাধীন ইসলামপুর এলাকায় বংশী নদীতে আব্দুল আজিজ ট্রেডিংয়ের একটি ইঞ্জিনচালিত ড্রেজারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মুখোশধারী ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ট্রলারযোগে ড্রেজারে হানা দেয়।
অভিযোগ ডাকাত দলের সদস্যদের হাতে রামদা, পিস্তল, বন্দুক, শাবল ও কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা ড্রেজারে কর্মরত চারজন কর্মচারীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
পরে ডাকাত দলের সদস্যরা ড্রেজার থেকে ব্যাটারি, ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে কর্মচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ড্রেজারের ম্যানেজার মোস্তফা সাইদুজ্জামান (৪৫) ধামরাই থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এসআরবি-১০-এর সহযোগিতা চান।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাষাঢ়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এসআরবি-১০-এর সদর কোম্পানি ও এসআরবি-১১-এর সদস্যরা। অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মনির হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা জেলার দোহার থানার মুতারপাড়া এলাকার মোতালেব শেখের ছেলে।
এসআরবি-১০-এর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমনে এসআরবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta