নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব দোকানপাট, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যয় সংকোচন নীতিও গ্রহণ করা হয়েছে। আগামী তিন মাস নতুন কোনো সরকারি যানবাহন, জলযান, উড়োজাহাজ ও কম্পিউটার কেনা বন্ধ থাকবে।
এ ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সভা-সেমিনার ও ভ্রমণ ব্যয়ও কমানো হবে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ধাপে ধাপে আলাদা নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে, যাতে শিক্ষাকার্যক্রমে বিঘ্ন না ঘটে।
এদিকে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাজার বন্ধের সময়সীমা কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নজরদারি জোরদার করবে বলে জানিয়েছে সরকার।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপগুলো পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার আরও জানিয়েছে, সাধারণ মানুষের ওপর চাপ কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি অবৈধ মজুত ও কৃত্রিম সংকট প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta