গেন্ডারিয়ায় রাজউকের সাঁড়াশি অভিযান, ভাঙা হলো অবৈধ ভবন
স্টাফ রিপোর্টার:
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অনুমোদনবিহীন ভবন নির্মাণ, নকশাবহির্ভূত স্থাপনা ও জলাধার ভরাটের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সতীশ সরকার রোড ও পুকুরপাড় এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়।
অভিযানে নকশা লঙ্ঘন করে নির্মিত দুইটি ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া একটি ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং সাতটি ভবন থেকে মোট ১৭টি অবৈধ বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।
একই সঙ্গে পুকুরপাড় এলাকায় জলাধার ভরাট করে নির্মিত একটি দুইতলা ভবন সম্পূর্ণ উচ্ছেদ করা হয় এবং ভরাটকৃত অংশ পুনরুদ্ধারের কাজ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা শান্তা রহমান। অভিযানে উপস্থিত ছিলেন উপ-সচিব মাইনুল আবেদীন, রাজউক জোন-৭/১ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস হোসাইন, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান শাকিল, প্রধান ইমারত পরিদর্শক বেলায়েত হোসেন ও মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
রাজউক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গেন্ডারিয়া এলাকায় অনুমোদিত নকশা উপেক্ষা করে ভবন নির্মাণ, অবৈধ স্থাপনা তৈরি এবং জলাধার ভরাটের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, বেশ কয়েকজন ভবন মালিক অনুমোদিত নকশা অনুসরণ না করে অতিরিক্ত অংশ নির্মাণ করছেন, যা নগর পরিকল্পনা ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এ অবস্থায় সংশ্লিষ্টদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অনুমোদিত নকশা দাখিল এবং নকশাবহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য ভবন মালিকদের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান সাংবাদিকদের বলেন,রাজউকের অনুমোদিত নকশা ছাড়া কোনো ধরনের ভবন নির্মাণ গ্রহণযোগ্য নয়।
নগরীর পরিবেশ, জলাধার ও নাগরিক নিরাপত্তা রক্ষায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
রাজউক জোন-৭/১ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস হোসাইন বলেন,পরিকল্পিত ও বাসযোগ্য রাজধানী গড়ে তুলতে নকশাবহির্ভূত নির্মাণ, অবৈধ দখল ও জলাধার ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta